বকেয়া বেতনের দাবিতে যমুনা সার কারখানায় আউটসোর্সিং শ্রমিকদের কর্মবিরতি

বকেয়া বেতনের দাবিতে যমুনা সার কারখানায় আউটসোর্সিং শ্রমিকদের কর্মবিরতি

জানুয়ারি ৩, ২০২৬ - 21:09
 0  12
বকেয়া বেতনের দাবিতে যমুনা সার কারখানায় আউটসোর্সিং শ্রমিকদের কর্মবিরতি

জামালপুর প্রতিনিধি:

যমুনা সার কারখানায় দৈনিক হাজিরাভিত্তিক আউটসোর্সিং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকালে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানার প্রধান ফটক ঘেরাও করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, যমুনা সার কারখানায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেড ২০২৫ সালের নভেম্বর মাসে কর্মরত ২৩৯ জন শ্রমিকের মোট ৩৫ লাখ ৫৮ হাজার ২৫৭ টাকা বেতন আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছে। বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে যান।

কর্মবিরতি চলাকালে শ্রমিকরা বলেন, “আমরা নিয়মিত কাজ করেছি, হাজিরা দিয়েছি, কিন্তু বেতন পাইনি। ঠিকাদার টাকা নিয়ে পালিয়েছে। দ্রুত বেতন পরিশোধ না হলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

যমুনা সার কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দৈনিক হাজিরাভিত্তিতে নিয়োজিত এসব শ্রমিক নভেম্বর মাসজুড়ে উৎপাদন ও সহায়ক কাজে দায়িত্ব পালন করেন। নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে অর্থ ছাড় করে দেয়। তবে আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেড সেই অর্থ শ্রমিকদের পরিশোধ না করে আত্মগোপনে চলে যায়।

যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত দুটি পত্রে দেখা যায়, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রথম চিঠিতে শ্রমিকদের বেতন পরিশোধে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পরবর্তীতে ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আরেকটি পত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বেতন পরিশোধে জটিলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এদিকে বেতন না পেয়ে শ্রমিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রম পরিদর্শক (সাধারণ) স্বাক্ষরিত এক নোটিশে যমুনা সার কারখানা কর্তৃপক্ষকে নভেম্বর মাসের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নোটিশে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সতর্কতা ছিল।

নির্দেশনার পরও বেতন না পাওয়ায় শনিবার সকালে শ্রমিকরা প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। এতে কয়েক ঘণ্টা কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0